ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে (রেস্তোরাঁ) ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে অজ্ঞাত এক যুবক এ হামলা করে। এরইমধ্যে তাকে ঢাবির প্রক্টর অফিসে নেওয়া হয়েছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলাকারীকে অসংলগ্ন কথা বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মধুর ক্যান্টিনের সামনে একটি পোস্টার ছেঁড়ার চেষ্টা করে। পরে ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন টেবিল ছুড়ে ফেলে। একপর্যায়ে তার নাম জিজ্ঞাসা করলে সাগর বলে পরিচয় দেয় এবং বাড়ি কুমিল্লা বলে জানায়।
মধুর ক্যান্টিনেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক জন্মইতিহাস। ৪৮-এর ভাষা আন্দোলন, ৪৯-এর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলন, ৫২-র আগুনঝরা দিন, ৫৪-র যুক্তফ্রন্টের নির্বাচনী যুদ্ধ,১৯৫৮-৬০ সালের প্রতিক্রিয়াশীল বিরোধী ছাত্র আন্দোলন,৬৬-র ছয় দফা আন্দোলন,৬৯-র গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এ সবকিছুর সঙ্গে মধুর ক্যান্টিনের নাম জড়িয়ে আছে গভীর ভাবে।



















