রংপুর মহানগর এলাকায় ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নকল ঘি তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। এ সময় ওই কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম- মাইদুল ইসলাম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭.০৬ ঘটিকার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মজিদ আলীর নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি-২০২৬) বিকেল আনুমানিক ৩ ঘটিকায় নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পায় মহানগর গোয়েন্দা পুলিশের ওই দল। তখন ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে
মাইদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি রংপুরের পীরগাছা থানার আদম গনেশের খামার গ্রাম নিবাসী
হোসেন আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
অভিযানকালে আনুমানিক পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ কাঁচামাল, খালি কৌটা, সিলিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি প্রায় ছয় মাস পূর্বে উক্ত স্থানে একটি কক্ষ ভাড়া নিয়ে নকল ঘি প্রস্তুতের কারখানা স্থাপন করেন। তিনি কোনো ধরনের দুগ্ধজাত উপাদান ব্যবহার না করে ডালডা, পাম ওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ভেজাল ঘি প্রস্তুত করতেন। পরবর্তীতে তা রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করতেন। রমজান মাসকে কেন্দ্র করে তার উৎপাদন ও সরবরাহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জনস্বার্থে ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



















