শিবগঞ্জ উপজেলাে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী। “ক্লিন শিবগঞ্জ” গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সেক্রেটারি আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন নায়েবে আমীর এম. এ. আজীয মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ড. কেরামত আলী।
উদ্বোধনের পর দলীয় নেতা-কর্মীরা শিবগঞ্জ বাজারের রাস্তা ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় বক্তব্যে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিচ্ছন্ন থাকা ও রাখা কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্বাস্থ্যের জন্যও পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সকলের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।”
কর্মসূচির স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়নেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুনরায় এ কর্মসূচি অব্যাহত রাখায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।



















