দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—ছয়টি চিনামাটির প্লেট, ১২টি মেলামাইন ফুল প্লেট, ছয়টি মেলামাইন গ্লাস, ২৪টি কাচের গ্লাস, একটি ওয়াটার হিটার, একটি বড় স্টিলের ডিস, একটি ছোট ডিস, চারটি পিনসেট, একটি সেট কাপ-সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী। এতে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির পাশাপাশি শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে একই বিদ্যালয়ে তালা কেটে চুরির ঘটনা ঘটে। সে সময় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সর্বশেষ চুরির ঘটনার পর ১৪ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছে।
ঘটনায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



















