রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুজাহিদুল ইসলাম(২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
রোববার (১৫ জুন) ভোর পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত মুজাহিদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম রামপুর কালা চাঁদপাড়াগ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকার চকবাজারে একটি ব্যাগের দোকানের কর্মচারী বলে জানিয়েছেন স্বজনরা।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোবারক হোসেন জানান, ঈদের ছুটি শেষে সকালে মতিঝিলের আরামবাগ বাস কাউন্টারে নামে মুজাহিদ। পরে সেখান থেকে চকবাজার যাওয়ার পথে ৪/৫ জন ছিনতাইকারী মুজাহিদের বুকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা আহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, ওই যুবকটি ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।



















