টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
April 20, 2026 11:38 pm

রাজশাহী স্টেডিয়ামে এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট, এমন ম্যাচ এমনিতেই ঐতিহাসিক। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেই দাপুটে জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু শেষদিকে খেই হারিয়ে সহজ ম্যাচ জিতলো অনেক কঠিন করে।

জয়ের জন্য ৩৬ বলে প্রয়োজন মাত্র ৭ রান, হাতে ৭ উইকেট। এখান থেকে যে কোনো দলই সহজেই জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল এই সহজ কাজটাকেই করে তুললো অতি কঠিন! এরপর ২ রানের মধ্যে পড়লো ৪ উইকেট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আচমকাই যেন সিঙ্গেল নেওয়াটাও সবচেয়ে কঠিন কাজ হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটারের জন্য। যদিও শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

সফরকারীদের ২০৫ রান তাড়ায় ৪৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যোতি-নাহিদারা। একই মাঠে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

দলের ঐতিহাসিক এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রিতু মনি ও শারমিন আক্তার সুপ্তার। বল হাতে রিতু ৩৬ রানে ৩ উইকেট নেওয়ার পর রান তাড়ায় ৮৬ রানের ইনিংস খেলেন সুপ্তা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। ১৪তম ওভারে ২৭ রান করা শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরাকে আউট করে এই জুটি ভাঙেন রিতু। নিজের পরের ওভারে হার্শিতা সামারাবিক্রমার উইকেটও নেন রিতু। পরে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন দুলানি ও হানসিমা করুনারত্নে। এই জুটি থামান সুলতানা খাতুন। ৫২ রান করে ফেরেন দুলানি।

৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন হানসিমা। শেষদিকে কাভিশা দিলহারি ৩০ ও কৌশিনি নুথিয়াঙ্গানার ব্যাট থেকে আসে ১৮ রান। রিতুর ৩ উইকেট ছাড়াও নাহিদা আক্তারের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।

রান তাড়ায় শুরুতেই অভিষিক্ত ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতাকে হারায় বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আর রানের খাতাই খুলতে পারেননি প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শারমিন সুলতানা। অধিনায়ক জ্যোতি করেন ২৯ বলে ১৩।

শুরুর এই বিপদ সামাল দেন সুপ্তা ও সোবহানা মোস্তারি। দুজন মিলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় মোস্তারিকে। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪১ রান। এরপর সুপ্তা ও স্বর্ণার জুটিতে আসে ৭৮ রান। এরপরই নামে ধস।

৪৫তম ওভারে স্টাম্পড হয়ে যান ৮৬ রান করা সুপ্তা। পরের ওভারে একই পথ ধরেন ৩৫ রান করা স্বর্ণা। এরপর রিতু ও রাবেয়া খান দ্রুত ফিরে গেলে জাগে পরাজয়ের শঙ্কা। তবে সুলতানা খাতুনকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন সহ-অধিনায়ক নাহিদা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ধানের শীষের পক্ষে সাভারে জনতার ঢল, খোরশেদ আলম বললেন ‘সাভারকে স্মার্ট শহর গড়তে বাবুর বিকল্প নেই

ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত আতিকুর রহমান 

মিরপুর ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএই’র ঈদ উপহার বিতরণ

গাবতলীতে বিএনপির মশাল মিছিল: এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ ও কোরআন অবমাননার প্রতিবাদ

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

মিরপুরের গুদারাঘাটে মাদকের বিস্তার, সজীব-ইয়াসমিন দম্পতির বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ