টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন সরকারকে সহায়তায় চার কার্গো বিমানে অস্ত্র পাঠাল পাকিস্তান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 3, 2026 11:17 am

সৌদি আরবের সমর্থনপুষ্ট ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তা দিতে চারটি কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে পাঠানো এসব অস্ত্রের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম। এ ছাড়া ইয়েমেনে সৌদি সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও কাজ করছেন।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হুথিদের আক্রমণ মোকাবিলা এবং ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাইজ শহরের আশপাশে সংঘর্ষ তীব্র হয়েছে। বৃহস্পতিবার হুথিরা একটি সেতু ধ্বংস করে দেয়। সেতুটি তাইজের কাছাকাছি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর সঙ্গে এডেনের যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। হুথিদের দাবি, এক দিনেই সৌদি বাহিনী ৯৪টি হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সানা, সাদা ও তাইজে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান ও তুরস্কের সৌদি আরবকে সমর্থনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেন পরিস্থিতিকে ওই চুক্তির প্রাথমিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

তবে হুথিদের প্রতি ইরানের সমর্থন এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত থাকায় ইসলামাবাদকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখার পাশাপাশি নিজেদের সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থও বিবেচনায় নিতে হচ্ছে পাকিস্তানকে।

এদিকে হুথিদের বিরুদ্ধে অবস্থান আরও জোরালো করতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইয়েমেন ইস্যুতে মতপার্থক্য থাকা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে রিয়াদ।

সূত্র: মিডল ইস্ট আই

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে চলছে মাটি লুটের মচ্ছব এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর দুই তীরের মাটি লুটের মচ্ছব চলছে। শুষ্ক মৌসুমের শুরুতেই আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে পাওয়ার টিলারে ভরে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিচ্ছে স্থানীয় অসাধু চক্র। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। মাটি কেটে নেওয়ায় তীরের ফসলি জমি, পাশের শহর রক্ষা বাঁধ ও সেতু ঝুঁকিতে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। সম্প্রতি সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, আদর্শ সদর উপজেলায় নদীর উত্তর তীরে পাঁচ কিলোমিটার এবং দক্ষিণ তীরে ২৫ কিলোমিটার এলাকায় মাটি লুট চলছে। পাওয়ার টিলার দিয়ে মাটি বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে ব্যবহারের জন্য নেওয়া হয়। নদীর উৎসমুখ কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার ও গোলাবাড়ি থেকে শুরু করে পালপাড়া পীরবাড়ির সামনে পর্যন্ত উভয় তীরে মাটি কাটার প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। এতে গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঁধসংলগ্ন পাকা সড়কের পিচ উঠে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর দক্ষিণ তীরে দুর্গাপুর, ভাটপাড়া, পালপাড়া পীরবাড়ি, কাপ্তানবাজার, চানপুর মাস্টারবাড়ি, শালধর এবং সামারচর এলাকায় অন্তত ২০টি ট্রাক্টর দিয়ে মাটি তুলতে দেখা গেছে। এসব ট্রাক্টর চলাচলের জন্য সড়কের অংশ কেটে নদীর বাঁধের ভেতর দিয়ে চলার পথ তৈরি করা হয়েছে। অন্যদিকে নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় থাকা পুলিশ ফাঁড়ির সামনেই চলছে মাটি কাটার কাজ। বৈদ্যুতিক খুঁটির গোড়া ও নদীতীরের গাছের নিচ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। চানপুর বেইলি সেতু এবং কাপ্তান বাজার পশ্চিম অংশের মাটিও কাটতে দেখা গেছে। নদীর দুই তীরে মোট সাতটি ঘাট থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।কয়েকজন ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি ট্রাক্টর মাটি ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আরেকজন স্থানীয় মাটি ব্যবসায়ী বলেন, ‘আমরা এই মাটি ট্রাক্টরে করে ইটভাটা ও আশপাশের বিভিন্ন নির্মাণস্থলে সরবরাহ করি। রাজনৈতিক ব্যক্তি ও কিছু প্রশাসনিক লোককে ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি।’ গোমতী নদীর চর দখল করে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম। স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী এই ব্যক্তি বিগত ১৭ বছর পার করার পর এবার স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে গোমতীর মাটি কাটছেন। অভিযোগ স্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ‘নদীর পাড় সংলগ্ন আমার একটি পুকুর আছে। আমি সেখান থেকে মাটি কাটছি। মাটি কাটার সঙ্গে আমি একা জড়িত না। স্থানীয় নেতারা ও প্রশাসনের কিছু লোক আমার সঙ্গে আছেন।’ জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজা হাসান বলেন, ‘জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি পাউবোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দিয়েছি। গোমতীর তীর থেকে মাটি কাটা বা বালু তোলার কোনো অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি।’ রেজা হাসান আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন বরাবরই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা নিয়ে যেখানে মাটি কাটা হয়, সেখানে অভিযান চালানো হবে।

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

সাভারে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

মেহেদী হাসানের নেতৃত্বে হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, সম্মাননা পেল পাবনা জেলা শাখা

রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এসিস্ট্যান্ট কোঅরডিনেটর গোল্ড আ্যওয়ার্ড অর্জন

অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র‌্যাব