সংরক্ষিত ছবি
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ছিনতাইকারীর গুলিতে মোঃ নাফিজ (৩০) নামের যুবক আহত।
শনিবার (১১ অক্টোবর)দিবাগত রাত ২.৩০ মিনিটে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৪টার দিকে নিয়ে আসে। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ নাফিজে বাবা আবু বক্কার সিদ্দিক জানান,আমার ছেলে যাত্রাবাড়ী তার বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে খিলগাঁও বনশ্রী নন্দী-পাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল গতিরোধ করে।পরে তার কাছে থাকা টাকা দুটি মোবাইল-ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে,এতে আমার ছেলেকে বাঁধা দিলে তার বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমাদের বাসা বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। আমরা জানতে পেরেছি তার কাছে থেকে দুটি মোবাইল,মোটরসাইকেল-সহ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগের চিকিৎসা চলছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















