সংরক্ষীত ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া জিরুইন এলাকায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া মোসা. সাবা আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্বার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
নিহত সাবা আক্তার (১৫) ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজের ঘরে যায় সাবা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খাবার খেতে ডাকলেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন সাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, স্কুলছাত্রী সাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে বলে তিনি জানান।



















