টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 4, 2025 12:34 pm

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—কাতার থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবারই তাকে লন্ডনের উদ্দেশে নেওয়া হতে পারে। চিকিৎসকসহ মোট ১৪ জন তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচলের জন্য তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস চলছে।

বুধবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুস–সবকটির অবস্থাই উদ্বেগজনক মাত্রায় ওঠানামা করছে। একটি প্যারামিটার কিছুটা উন্নতি হলে অন্যটি খারাপ হয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলছে। যদিও পরিবারের সদস্য ও চিকিৎসকদের ডাক পেলে তিনি সামান্য সাড়া দিচ্ছেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ঢাকায় এসেছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুধবার সকালে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তিনি ও তিন দিন আগে আসা চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে রাতে মেডিকেল বোর্ড বৈঠক করে সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করেন।

তার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া-মোনাজাত করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। রাজধানীর নয়াপল্টন, শ্যামলী, পল্লবীসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করা হয়। মুন্সীগঞ্জের লৌহজং-এও বিএনপির উদ্যোগে বড় আয়োজন করা হয় যেখানে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ