কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নের বোগতম আলী মেম্বারের রাস্তার দক্ষিণ পাশে নিজ বসতবাড়িতে গত ১১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. আবদুল্লাহ আল বাবুল (৪০) অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তি পূর্বে আমিন দ্বারা মাপজোক করে ভাগ-বণ্টন করা হলেও বিবাদীরা প্রায়ই তার প্রাপ্য ৯ শতক বসতভিটার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। ঘটনার দিন তিনি নিজ জমিতে বেড়া দিতে গেলে বিবাদীরা তাকে বাধা দেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বাধা দিতে গেলে তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার স্বপ্নাকেও মারধর করলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ভবিষ্যতে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকিও দিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আবদুল্লাহ আল বাবুল সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।



















