রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিএনপি নেতা মোশারফ হোসেন খোকন ওরফে কালা খোকনের বাসায় অভিযান চালিয়েছে র্যাব-১০ এর একটি চৌকস দল। এ সময় প্রায় ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বাজার মূল্যের এসব গাঁজা উদ্ধার করা করা হয় বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো শাহজাহান (৬০) সাবেরা বেগম (৪৯), সুমি আক্তার (৩৭), রুমি বেগম (৩৪)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লালবাগের শহীদ নগরের ওই বাসায় ঘর ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার হওয়া মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালবাগ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের অপরাধ দমনে র্যাবের নজরদারি ও অভিযান চলমান থাকবে।



















