চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় অফিসার ফোর্সসহ শিবগঞ্জ থানার নিয়মিত ডিউটির অংশ হিসেবে রসুলপুর মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে ১৮ মে ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া এলাকার গাজী চেয়ারম্যানের মোড়ে একটি মিনি ট্রাক তল্লাশি করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ঢাকা মেট্রো-ড-১১-৯০৭৩ নম্বরের একটি মিনি ট্রাক থেকে ৬০ (ষাট) বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে মোট প্রায় ১,৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। জব্দকৃত পলিথিনের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিলন প্রামানিক (৩৯)। তিনি নাটোর জেলার সিংড়া থানার আতাইকুলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা (নং-১৫, তারিখ ১৮/০৫/২৬) দায়ের করা হয়েছে। মামলাটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সালের ১৫(১) এর ৪(ক)/১৫(১) টেবিলের ৪(খ) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















