সম্প্রতি একটি গণমাধ্যম দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন পোর্টালে “ভোগান্তি এড়াতে দালাল ধরেন গ্রাহকরা, দুর্নীতিতে আক্রান্ত মিরপুর বিআরটিএ” শিরোনামে মঙ্গলবার ২১ জুলাই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রতিবাদে বলা হয়, সংবাদে মিরপুর বিআরটিএ কার্যালয়ের, ঢাকা বিভাগীয় পরিচালক মো. শফিকুজ্জামান ভূঁইয়া এবং মোটরযান পরিদর্শক মো. আফজাল হোসেনকে জড়িয়ে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার অধিকাংশই অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।
প্রতিবাদে আরও বলা হয়, বিআরটিএ’র সব ধরনের সেবা সরকার নির্ধারিত নীতিমালা ও অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হয়। আবেদন নিষ্পত্তি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হয় এবং কোনো আবেদন অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের জন্য আবেদনকারীকে জানানো হয়। ইচ্ছাকৃতভাবে আবেদন আটকে রাখা বা ঘুষের বিনিময়ে কাজ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো ব্যক্তি অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলেও প্রতিবাদে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর অংশ প্রত্যাহার করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদে
মো. আফজাল হোসেন
মোটরযান পরিদর্শক
বিআরটিএ সার্কেল-১ মিরপুর ঢাকা ।



















