মহেশখালীর ভাসমান এলএনজি (LNG) টার্মিনাল থেকে বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া চলছে এবং বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে। ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি স্বাভাবিক কূটনৈতিক বৈঠক। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস কনফারেন্স নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে নিয়ে আমি কিছু বলব না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।



















