দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বীরগঞ্জ ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. তামজিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৭২ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। তাদের মধ্যে ১১ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৩৩ জন, ‘এ-মাইনাস’ ১২ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ২ জন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে মিষ্টিও বিতরণ করা হয়।
অধ্যক্ষ মো. তামজিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের নিজেদের নয়, এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. ওবায়দুল হক, সাংবাদিক মো. নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ শিক্ষক মো. সুরুজ্জামান ও প্রতিষ্ঠানের জিএম মো. রুবেল ইসলাম।
এ সময় শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে আয়োজকরা ভবিষ্যতে প্রতিষ্ঠানটি থেকে আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



















