টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 27, 2026 8:32 am

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। দেশটির তিনটি জেলায় এ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নেপাল-চীন সীমান্তের রাসুওয়া জেলার রাসুওয়াগাধি এলাকায় বুধবার বেলা বাড়ার আগেই আকস্মিক এ বন্যা আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভুটেকোশি নদীর উপনদী লহেন্দে নদীর প্রবাহ একটি তুষারধসের কারণে আটকে যাওয়ার পর হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে আসে। প্রথমে তিব্বত সীমান্তসংলগ্ন তিমুরে এলাকায় আঘাত হানে বন্যার পানি। কয়েক মুহূর্তের মধ্যেই জনবসতিপূর্ণ ওই এলাকার বড় একটি অংশ পানিতে ভেসে যায়।

ওই এলাকায় বৃষ্টিপাতের কোনো খবর ছিল না। ফলে আকস্মিক এ দুর্যোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কোনো আগাম সতর্কতাও ছিল না। প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকার মধ্যেই তাদের ওপর নেমে আসে বিপর্যয়।

রাসুওয়ার প্রধান কাস্টমস কর্মকর্তা রাজেন্দ্র ধুঙ্গানা জানান, বুধবার সকালে হঠাৎ মাটি কাঁপতে দেখে প্রথমে তিনি ভূমিকম্প হয়েছে বলে মনে করেছিলেন। বাইরে বের হয়ে তিনি উজান থেকে ধেয়ে আসা পানির বিশাল ঢেউ দেখতে পান। মুহূর্তের মধ্যেই তিমুরে বাজার এলাকা পানির তোড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।

বন্যার ভয়াবহতা বুঝতে পেরে ধুঙ্গানাসহ কয়েক ডজন মানুষ পাশের জঙ্গলে আশ্রয় নেন। রাসুওয়াগাধি কাস্টমস চেকপোস্টে অপেক্ষমাণ ৩০০টির বেশি গাড়ি ও ট্রাকও পানির স্রোতে ভেসে যায়।

এরপর বন্যার পানি সিয়াপ্রুবেশি হয়ে ভাটির দিকে ছড়িয়ে পড়ে। নদীপথে থাকা মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা পানির স্রোতে তলিয়ে যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ৩৯১ জন বিদেশি নাগরিক এবং ৪৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

নেপালের পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্যমতে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও।

বন্যায় নয়টি জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। প্রাথমিক হিসাবে ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক পানির তোড়ে ভেসে গেছে।

নিখোঁজ মানুষের সংখ্যা এবং ধ্বংসযজ্ঞের মাত্রা বিবেচনায় কর্মকর্তারা বলছেন, নেপালের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি হতে পারে এবারের বন্যা।

এবারের ভয়াবহ প্রাণহানির পেছনে আগাম তথ্য ও সতর্কবার্তার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিব্বত থেকে বন্যার সূত্রপাত হলেও এ বিষয়ে আগে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন রাসুওয়া জেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুওয়াগাধি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে তিব্বতের একটি এলাকায় তুষারধসের পর লহেন্দে নদীতে ধ্বংসাবশেষসহ প্রবল স্রোতের সৃষ্টি হয়।

বুধবার বিকেলে নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগ এবং চীনের আবহাওয়া প্রশাসনের কর্মকর্তারা ভার্চুয়াল বৈঠক করেন। পরে চীন নেপালকে আশ্বস্ত করেছে, সীমান্তের ওপারে নদীর পানির প্রবাহ বাড়তে শুরু করলে তারা দ্রুত নেপালকে তথ্য জানাবে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই

লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে: প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে: আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান

জগন্নাথ হলের ভবন থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু