কুমিল্লার তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল শুরু হয়ে গৌরিপুর-হোমনা সড়কে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করিকান্দি বাজারে এসে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ও হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল হক,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ডা. শাহাবুদ্দিন প্রমূখ।
শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন,তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান।



















