বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের উচ্চপর্যায়ের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারত মহাসাগর অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।



















