ঢাকা-২০ (ধামরাই) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ১৪৭টি কেন্দ্রে ভোট শেষে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিন বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ অর্জন করেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী পান ৯ হাজার ৮৩ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৬ হাজার ৬৩৮ জন। প্রদত্ত ভোট পড়ে ২ লাখ ৩৫ হাজার ৭২৩টি। নিজ কেন্দ্র ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তমিজ উদ্দিন ৬৩২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী নাবিলা তাসনিদকে ১০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সেখানে নাবিলা পান ৫৩৪ ভোট।
উল্লেখ্য, এ আসনে বিএনপি, এনসিপি, জাসদ, এবি পার্টি, খেলাফত মজলিস ও জাতীয় পার্টিসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তমিজ উদ্দিন বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



















