গত সাত দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ২৮১ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশের একাধিক টিম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের
পুলিশ সুুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা, ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৭৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দুষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১টি মামলা দায়ের করা হয় এবং ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। ভ
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নৌ-পুলিশ সদর দফতরের এসপি (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন।



















