রাজধানীর বাড্ডার মধ্য বাড্ডা ইউলুপের ব্রীজে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা (২৫)এক যুবক নিহত হয়েছে।
সোমবার(৩০ মার্চ)বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা মোঃ বাদশা জানান,মধ্য বাড্ডা ইউলুপের ব্রীজে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।নিহতের মানিব্যাগ থেকে ৩৫০ টাকা নগদ ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















