কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রক্তাক্ত ও আহত হন। তিনি এ ঘটনায় তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বলরামপুর গ্রামের আ.লীগ সমর্থক শাহজাহান, ইউসুফ ও আলাল গং তার ড্রেজারের শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেন। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ড্রেজারের ৩৮টি পাইপ লুট করে নিয়ে যান এবং ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন।তিনি আরও জানান, গত শুক্রবার সকাল ৯টার দিকে মাছিমপুর বাজারে এসে শাহজাহান আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহানের হাতে থাকা একটি বালতি থেকে ধারালো অস্ত্র বের করে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহজাহান বলেন, “বিষয়টি নিয়ে আজ শুক্রবার বিকেলে বসে মীমাংসার চেষ্টা করা হবে।”
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদউল্যাহ জানান, “বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















