টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 8, 2026 2:57 pm

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উচ্চ আদালতের জামিনের আদেশ স্থগিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পিবিআই সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে তনু হত্যা মামলায় গত ২২ এপ্রিল অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি মুক্তি পান।

পরে ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন ঝোঁপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছিল পিবিআই।

সর্বশেষ - অপরাধ