আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবারই সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতা ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো।



















