র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ০২টি বাজারের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যাগ দুটির ভেতর পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ পাওয়া যায়। এছাড়াও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচের গুঁড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, ২টি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ৬টি গ্যাস লাইটার।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















