কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ—দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ সন্ধ্যায় সাভারে সিএনবি এলাকায় অবস্থিত বিসিএস লাইভস্টক একাডেমি-তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও সেবা প্রদান নিশ্চিত করতে হলে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মনিষ্ঠা অপরিহার্য। মাঠপর্যায় থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিকায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















