মাদকসেবি ও মাদক কারবারীকে ধরতে অভিনব কৌশলে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ৭ মাদকসেবি ও মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো- মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূঁইয়া (২৪)। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, গত বুধবার (১৩ মে) রাতে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
এ সময় শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করে। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।
মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।



















