রাজধানীর কামরাঙ্গীরচরে সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে মোহাম্মদ নাদিম (৩৫) মোহাম্মদ মাসুদ(২৯) নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।এই ঘটনায় আহত হয়েছে সোহাগ আহমেদ (২৮) নামে আরও একজন।
বুধবার দিবাগত রাতের দিকে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে নাদিম ও মাসুদ নামে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত সোহাগের চিকিৎসাধীন রয়েছে।নিহত নাদিম লালবাগের শহিদনগর এলাকার ১৬৫ নম্বর বাসায় থাকতো। সে ওই এলাকার সুলতান আহমেদ ছেলে । অন্যদিকে নিহত মাসুদ কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাটের সোনা মিয়ার ছেলে ।বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, কামরাঙ্গীরচরে সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী আহত হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিয়ে গেলে সেখানে একজন মারা যায়।তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে।
তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক ছিল। রাতে মামলার বাদিকে তারা হুমকি ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।ওসি আরও জানান, তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই তারা শুধুই সন্ত্রাসী।তারা এলাকায় আসতো না লালবাগের শহীদ নগর এলাকায় থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



















