আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য ধর্মের লোকেরাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক গণসমাবেশে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, দেশের আপামর জনগণ পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। নতুন রাজনীতি চায়। জনগণ সংস্কার চায়, নতুন বাংলাদেশ চায়। আর নতুন বাংলাদেশ চলবে নতুন ফরমুলায়। সেই ফরমুলায় জনগণ আর কোনো দলের পক্ষপাতদুষ্ট কোনো সরকার দেখতে চায় না।
জনগণ তাদের সরকার দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, জনগণ সেই সরকার চায় যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না। যে সরকারের মদদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না। সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হয়ে ভূমিকা রাখবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের বেছে নেবে, আমরা তাদের অভিনন্দন জানাতে প্রস্তুত। যদি জনগণ আমাদের নির্বাচন করে, আমরা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ গড়ব।”
জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে তাদের শাসন আল্লাহভীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের অধিকার সরকারের পক্ষ থেকেই পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
অন্য ধর্মের মানুষের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, দলটিকে কোণঠাসা করতে নানা অপপ্রচার চালানো হয়। তিনি দাবি করেন, স্বাধীনতার পর ৫৪ বছরে জামায়াতের কোনো নেতা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর জুলুম বা সম্পদ দখলের মতো অপরাধ করেননি। তিনি বলেন, “আল্লাহ তৌফিক দিলে অন্য ধর্মের লোকেরাও জামায়াতের ব্যানারে আগামী নির্বাচনে এমপি পদে লড়বেন।”
বক্তৃতার শেষ দিকে তিনি আওয়ামী লীগের গত ১৫ বছরের “দুঃশাসন” এবং জামায়াতসহ ছাত্রশিবিরের ওপর নির্যাতনের অভিযোগও তুলেন।


















