চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আম বাগান থেকে শিহাব আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (বিকাল) পৌর এলাকার চন্ডিপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিহাব আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। সেখান থেকেই বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জাপানি ভাষা শিক্ষা নিচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বিকেলে স্থানীয়রা চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক শাকিল হাসান জানান, শিহাবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিহাবসহ সংশ্লিষ্টরা মাদক গ্রহণ করে থাকতে পারেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


















