রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০টি দরিদ্র ও অসহায় পরিবারের সহায়তায় মানবিক ত্রাণ (রমজানের উপহার) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইউএই এইড (UAE AID) ও জায়েদ ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের সরাসরি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রকল্প সহযোগী হিসেবে কাজ করছে পার্পেল প্রজেক্টস লিমিটেড।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ ১১ মার্চ (বুধবার) দুপুর ১২টায় মিরপুর-১৩, ব্লক-সি, রোড-৪ এ অবস্থিত হাজী আলী হোসেন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএই দূতাবাসের ডেপুটি এম্বাসেডর রাশেদ বিন ওয়ালিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইউএই দূতাবাসের ফরেন এইড ডিপার্টমেন্টের পরিচালক জনাব রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবির।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম বাবু, ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রিয়াজুল্লাহ কাসেমি এবং হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোঃ জাকির হোসেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের আন্তর্জাতিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানা গেছে।



















