বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন ডা. শফিকুর রহমান।
বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক ক্ষেত্রে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান ও চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।



















